মোল্লাহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী।
জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় সভার প্রধান বক্তা বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন। একইভাবে মালয়েশিয়ায় অবস্থানরত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলও ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ হিমায়েত উদ্দিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম মিয়া, সাবেক সদস্য শেখ ইকবাল হোসেন, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম তাওহীদ এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. হোসাইন সিকদারসহ অন্যরা।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আকরাম হোসেন তালিম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।








