দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর দুমকিতে সদ্য ঘোষিত উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। কমিটিতে অযোগ্য ব্যক্তি এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা জানান, গত ২৬ আগস্ট কেন্দ্রীয় যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে দুমকি উপজেলা যুবদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রোববার মানববন্ধন করেন যুবদলের একাংশের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য দেন দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাদের দাবি, কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে।
তারা অবিলম্বে ঘোষিত আংশিক কমিটি বিলুপ্ত করে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এদিকে কমিটি ঘোষণার পর থেকে দুমকিতে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। এর মধ্যে ঝাড়ু মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পাশাপাশি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।








