Logo

এমসি ও জৈনা বাজারে যানজটে নাকাল মানুষ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৬
এমসি ও জৈনা বাজারে যানজটে নাকাল মানুষ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
ছবি: প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর অংশে যানজট ও সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। বিশেষ করে এমসি বাজার ও জৈনা বাজার এলাকায় যানজট এখন নিত্যদিনের চিত্র। এর সঙ্গে সামান্য বৃষ্টিতেই মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে তৈরি হচ্ছে খানাখন্দ। ফলে ধীরগতির যান চলাচলের পাশাপাশি জলাবদ্ধ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টির পর এমসি বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে পানি জমে রয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে পাথর ও খোয়া। পানির নিচে থাকা গর্ত না বুঝে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। ছোট যানবাহন ও পথচারীদের এসব খানাখন্দ এড়িয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এমসি ও জৈনা বাজার এলাকায় মহাসড়কের পাশে দোকানপাট স্থাপন, যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা এবং সড়কের জায়গা ব্যবহার করে ব্যবসা পরিচালনার কারণে যানজট তীব্র হচ্ছে। ব্যস্ত সময়ে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের পাশাপাশি অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ছোট যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।

বৃষ্টির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সড়কের একাধিক অংশে পানি জমে যাওয়ায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করে। কোথাও কোথাও একই স্থানে বাস, ট্রাক, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন আটকে থাকতে দেখা যায়। এতে যানজটের সঙ্গে সড়কের খানাখন্দ ও জলাবদ্ধতা যুক্ত হয়ে ভোগান্তি আরও বাড়িয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আমি এই থানায় আট মাস ধরে আছি। মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত করতে পেরেছি। তবে এমসি বাজার ও জৈনা বাজারের যানজটমুক্ত করতে ব্যর্থ হয়েছি।’

তিনি বলেন, ‘রাস্তার পাশে যারা দোকান বসিয়েছেন, তাদের বারবার নিষেধ করার পরও সড়কের ওপর দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করছেন। এতে মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।’

বিজ্ঞাপন

ওসি কামরুজ্জামান আরও বলেন, ‘যানজট নিরসন আমার একার পক্ষে সম্ভব নয়। স্থানীয়রা সচেতন না হলে শুধু পুলিশের পক্ষে এ সমস্যা পুরোপুরি সমাধান করা কঠিন।’

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের এমসি ও জৈনা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা থাকলেও স্থায়ী সমাধান হয়নি। এর সঙ্গে সড়কের খানাখন্দ ও বৃষ্টির পানি জমে থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

তাদের দাবি, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, যত্রতত্র যানবাহন দাঁড় করানো বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

সৌখিন পরিবহনের চালক আব্দুস সালাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও খানাখন্দ একসঙ্গে থাকলে শুধু যাত্রীদের সময়ই নষ্ট হয় না, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান করা প্রয়োজন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD