কমলগঞ্জে অটোরিকশা থেকে টাকা আদায়ের অভিযোগ, চালককে মারধর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে টাকা আদায়কে কেন্দ্র করে এক চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেল মিয়া নামের এক অটোরিকশাচালক আহত হয়েছেন। পরে তিনি শমশেরনগর অটোরিকশা চালক সমিতির সভাপতি শফিক মিয়াসহ চারজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শমশেরনগর রেলস্টেশনের প্ল্যাটফর্মে রাসেল মিয়ার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
রাসেল মিয়া এবং অটোরিকশা চালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাছিত আলী, সাহাবউদ্দীন ও হাছান আলীর অভিযোগ, শমশেরনগর অটোরিকশা চালক সমিতির সভাপতি শফিক মিয়া ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে দুই শতাধিক অটোরিকশাচালকের কাছ থেকে বিভিন্ন হারে টাকা আদায় করে আসছেন। তাঁদের দাবি, অটোরিকশাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা এবং মাসে ১০০ টাকা করে নেওয়া হয়। নির্ধারিত টাকা না দিলে শমশেরনগর বাজারে অটোরিকশা চালাতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ তাঁদের।
অভিযোগকারীদের ভাষ্য, টাকা আদায়ের প্রতিবাদ করায় রাসেল মিয়ার ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে অটোরিকশা চালক সমিতির সভাপতি শফিক মিয়া টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এখন চাঁদা তোলা সম্পূর্ণ নিষেধ। আগে সাধারণ সম্পাদক রাসেল মিয়া চাঁদা আদায় করতেন। ওই বিষয়কে কেন্দ্র করেই ৪ সেপ্টেম্বর মারামারির ঘটনা ঘটে। আমরা টাকা তোলা বন্ধ করে দিয়েছি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অটোরিকশাচালক দাবি করেন, শমশেরনগর বাজারে অটোরিকশা চালাতে ভর্তি ফি হিসেবে দেড় থেকে দুই হাজার টাকা এবং মাসে ১০০ টাকা দিতে হয়। তাঁদের দাবি, এই টাকার একটি অংশ পুলিশকে দিতে হয় বলে সমিতির নেতারা তাঁদের জানিয়েছেন। তবে পুলিশকে টাকা দেওয়ার এই দাবির স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য শমশেরনগর পুলিশ ফাঁড়িতে দেওয়া হয়েছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








