Logo

পুলিশের এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৮
পুলিশের এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক
ছবি: সংগৃহীত

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত প্রাইভেটকার চালক ও মালিক জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর আমিনবাজার এলাকায় পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। রবিবার ভোররাতে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে আমিনবাজার এলাকা থেকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহত এসআই আলতাফ হোসেনের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে রবিবার সকালে সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় অটোরিকশা ও প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে এসবি কর্মকর্তা আলতাফ হোসেন (৫৮) ও তার ছেলে আরিফুল ইসলাম (২৬) হামলার শিকার হন। প্রাইভেটকার চালক জহিরুল ইসলাম ও তার সহযোগীরা তাদের মারধর করে গুরুতর আহত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আলতাফ হোসেন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় নিজের গেঞ্জি কারখানার সামনে থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কারখানায় ছিলেন তার ছেলে আরিফুল। রাস্তায় অটোরিকশা ও প্রাইভেটকার রাখা নিয়ে কয়েকজনের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। বিষয়টি মীমাংসা করতে আলতাফ এগিয়ে গেলে জহিরুল ও তার সহযোগীদের সঙ্গে তারও বিরোধে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

একপর্যায়ে আলতাফকে মারধর করা হলে তিনি দৌড়ে নিজের কারখানায় চলে যান। এরপর জহিরুলের নেতৃত্বে আরও ১৫ থেকে ২০ জন সেখানে গিয়ে হামলা চালায়। তারা আলতাফ ও তার ছেলে আরিফুলকে মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে বাবা-ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আরিফুল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আলতাফ হোসেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সৃষ্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের ওই কর্মকর্তা ও তার ছেলের ওপর হামলা হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজার বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন। সেখানে পাঁচ শতাংশ জমির ওপর তার টিনশেডের একটি কারখানা রয়েছে।

এদিকে ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই ঢাকা জেলার ওসি সোলেমান গাজী বলেন, আমিনবাজারের বড়দেশি এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাফ হোসেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাটি জানার পর ঢাকা জেলা পিবিআই ছায়া তদন্তে কাজ শুরু করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD