Logo

নেত্রকোণায় রাত ১১টায় শিশুকন্যাকে নিয়ে সড়ক পরিদর্শন

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯
নেত্রকোণায় রাত ১১টায় শিশুকন্যাকে নিয়ে সড়ক পরিদর্শন
ছবি: সংগৃহীত

নেত্রকোণা শহরে চলমান সড়ক উন্নয়নকাজের মান ও নির্মাণপ্রক্রিয়া সরেজমিনে যাচাই করতে গভীর রাতে মাঠে নেমেছেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে তিনি শহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিল ছোট্ট কন্যাশিশু মুনম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত প্রায় ২৯০ মিটার সড়কের উন্নয়ন ও ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। নির্মাণকাজে নির্ধারিত মান, নিয়ম ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতেই রাতে সরেজমিনে উপস্থিত হন পৌর প্রশাসক।

এর আগে সোমবার দুপুরেও তিনি একই সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন। বিশেষ করে সড়কের ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে রড বাইন্ডিংসহ নির্মাণকাজের বিভিন্ন ধাপ তিনি পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

মুন মুন জাহান লিজা জানান, সড়ক নির্মাণকাজ তদারকির বিষয়টিকে তিনি নারী কর্মকর্তা হিসেবে দেখছেন না; বরং একজন সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের প্রতি নিজের দায়িত্বের অংশ হিসেবেই বিষয়টিকে দেখছেন। তার দায়িত্ব ও পদ অনুযায়ী নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা এবং উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখা তার অন্যতম দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কোনো কাজের মান ঠিক আছে কি না, সেটি নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরাসরি উপস্থিত থাকা প্রয়োজন। এখানে নারী-পুরুষের বিষয়টি মুখ্য নয়। একজন কর্মকর্তা হিসেবে জনগণের স্বার্থে যে দায়িত্ব তার ওপর রয়েছে, সেই দায়িত্ব থেকেই তিনি নির্মাণকাজটি নিজের চোখে দেখছেন।

নির্মাণকাজে স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন পৌর প্রশাসক। তিনি জানান, সড়কে ঢালাই দেওয়ার আগে রড বিছানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল কাজের প্রক্রিয়াটি সবার সামনে তুলে ধরা এবং প্রয়োজনে মানুষের কাছ থেকে গঠনমূলক মতামত নেওয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মুন মুন জাহান লিজার ভাষ্য, ঢালাইয়ের আগে কাজের ছবি প্রকাশ করার ফলে কেউ যদি কোনো ত্রুটি বা অসঙ্গতি দেখতে পান এবং তা জানিয়ে দেন, তাহলে প্রয়োজন অনুযায়ী সেই বিষয়টি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। কাজের মান নিয়ে প্রশ্ন উঠলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি প্রস্তুত বলেও জানান।

তার এ ধরনের অবস্থানকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তিনি মনে করেন, উন্নয়নকাজ জনগণের অর্থ ও স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই কাজের গুণগত মান নিশ্চিত করতে তদারকিতে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।

বিজ্ঞাপন

এদিকে রাত ১১টার দিকে সড়কের নির্মাণকাজ দেখতে পৌর প্রশাসকের উপস্থিতির বিষয়টি স্থানীয়দেরও নজরে আসে। সরকারি দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ছোট কন্যাশিশুকে সঙ্গে নিয়ে গভীর রাতে মাঠপর্যায়ে উন্নয়নকাজ পরিদর্শনের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী বলেন, মুন মুন জাহান লিজা একজন সক্রিয় ও দায়িত্বশীল কর্মকর্তা। উন্নয়নকাজের মান নিশ্চিত করতে রাতেও ঘটনাস্থলে গিয়ে কাজ পর্যবেক্ষণ করা তার নিষ্ঠার পরিচয় বহন করে।

তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ ঠেকাতে কর্মকর্তাদের শুধু দাপ্তরিক পর্যায়ে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে গিয়ে তদারকি করা জরুরি। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এ ধরনের সরাসরি উপস্থিতি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক ধারণা তৈরি করে এবং কাজের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মধ্যে রাখে।

বিজ্ঞাপন

পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কটির উন্নয়নকাজ নির্ধারিত নকশা, মান ও প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। নির্মাণের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

সংশ্লিষ্টদের মতে, নগরীর উন্নয়নকাজে শুধু কাজ শুরু করাই যথেষ্ট নয়; নির্মাণের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ ও নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই সড়কটির কাজ পর্যবেক্ষণে পৌর প্রশাসনের পক্ষ থেকে সরাসরি মাঠপর্যায়ে নজরদারি করা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD