ভোলায় মেঘনার পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

ভোলা সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নদীর পাড় ধসে পাঁচ যুবক পানিতে পড়ে যান। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বিজিবি সদস্যসহ দুইজন নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
নিখোঁজরা হলেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে বিজিবি সদস্য মো. আমজাদ (২৬) এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. রাকিব (১৮)।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ ও মো. সাগর জানান, সন্ধ্যার পর পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি বড় অংশ ধসে পড়লে পাঁচজনই নদীতে পড়ে যান।
বিজ্ঞাপন
পরে তিনজন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব নদীর স্রোতে তলিয়ে যান। স্থানীয়রা জানান, এ সময় নিখোঁজ দুই যুবক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও তাদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে কেউ এগিয়ে আসতে পারেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদের স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন আমজাদ। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে যান তিনি। সন্ধ্যার পর নদীতে ডুবে তাঁর নিখোঁজ হওয়ার খবর পান স্বজনরা। এরপর তারা ঘটনাস্থলে ছুটে গেলেও রাত পর্যন্ত আমজাদের কোনো সন্ধান মেলেনি।
বিজ্ঞাপন
অন্যদিকে নিখোঁজ রাকিবের স্বজনরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে পানিতে পড়ে যান রাকিব। তাঁর সঙ্গে থাকা তিনজন উদ্ধার হলেও রাকিবসহ আরও একজনের সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্বজনদের অভিযোগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার পরও রাত ১০টা পর্যন্ত কেউ ঘটনাস্থলে আসেননি। পরে রাত ১০টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করেন।
শিবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মনজুর আলম বলেন, সন্ধ্যার পর পাঁচ বন্ধু নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ পাড় ধসে তারা সবাই নদীতে পড়ে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠলেও তীব্র স্রোতে দুইজন তলিয়ে যান। খবর পাওয়ার পর তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি জানান।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, পরে কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। কিছুক্ষণ চেষ্টা করেও নিখোঁজ দুই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো নিখোঁজ দুইজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুই যুবককে উদ্ধারে স্থানীয়ভাবে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।








