Logo

কম্পিউটারের বাজারে আগুন দামের পেছনে আসল দায় কার?

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১০ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩২
কম্পিউটারের বাজারে আগুন দামের পেছনে আসল দায় কার?
ছবি: সংগৃহীত

এক বছর আগের তুলনায় একই কনফিগারেশনের কম্পিউটার কিনতে এখন অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে। বিশেষ করে র‌্যাম, এসএসডি ও গ্রাফিকস কার্ডের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। কোনো কোনো মডেলের ক্ষেত্রে দাম বেড়েছে দুই থেকে চারগুণ পর্যন্ত। এতে নতুন কম্পিউটার কেনার পাশাপাশি পুরোনো ডিভাইস আপগ্রেড করতেও বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

বিজ্ঞাপন

বগুড়ার আলতাফ আলী মার্কেট, সাতমাথা, কালিতলা ও আশপাশের কম্পিউটার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব যন্ত্রাংশের দাম সমানভাবে বাড়েনি। তবে মেমোরি চিপনির্ভর পণ্য, বিশেষ করে ডিডিআর৫ র‌্যাম, এনভিএমই এসএসডি এবং উচ্চক্ষমতার গ্রাফিকস কার্ডে মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি।

চারগুণ হয়েছে কিছু র‌্যামের দাম

হোলসেল প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের বাজারদরের তথ্য অনুযায়ী, ডিডিআর৪ ৮ জিবি র‌্যামের দাম ২ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ৮ হাজার টাকা হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম প্রায় চারগুণ হয়েছে।

বিজ্ঞাপন

ডিডিআর৫ ১৬ জিবি র‌্যামের দাম ৭ হাজার থেকে বেড়ে ২৭ হাজার টাকা হয়েছে। ৫১২ জিবি এনভিএমই এসএসডির দাম ৪ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫০০ টাকায়। আর ১ টেরাবাইট এসএসডির দাম ৭ হাজার থেকে বেড়ে ১৯ হাজার ৫০০ টাকা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই প্রতিষ্ঠানের তথ্যে দেখা যায়, ১২তম প্রজন্মের কোর আই৫ প্রসেসরের দাম ১৬ হাজার থেকে বেড়ে ২২ হাজার ৫০০ টাকা এবং কোর আই৩ প্রসেসরের দাম ১০ হাজার থেকে ১৬ হাজার টাকা হয়েছে।

৮ জিবি আরটিএক্স গ্রাফিকস কার্ডের দাম ৩২ হাজার থেকে বেড়ে ৪৮ হাজার টাকা হয়েছে। এ ছাড়া ১ টেরাবাইট হার্ডডিস্ক ৩ হাজার ২০০ থেকে ৪ হাজার ৮০০ টাকা, ২ টেরাবাইট হার্ডডিস্ক ৪ হাজার ৬০০ থেকে ৬ হাজার ৩০০ টাকা এবং গিগাবাইট বি৭৬০ মাদারবোর্ড ১৪ হাজার থেকে বেড়ে ১৬ হাজার টাকা হয়েছে।

খুচরা বাজারেও একই চিত্র

বিজ্ঞাপন

খুচরা প্রতিষ্ঠান কোবাইট কম্পিউটারের বাজারদরেও র‌্যাম ও এসএসডির উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে।

প্রতিষ্ঠানটির হিসাবে, ডিডিআর৪ ৮ জিবি র‌্যাম ৪ হাজার ৫০০ থেকে বেড়ে ৮ হাজার টাকা এবং ডিডিআর৫ ১৬ জিবি র‌্যাম ৭ হাজার ৫০০ থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে। এনভিএমই এস১২ এসএসডির দাম ৫ হাজার থেকে বেড়ে ১২ হাজার টাকা হয়েছে।

১ টেরাবাইট এসএসডি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা এবং ২ টেরাবাইট হার্ডডিস্ক ৫ হাজার ২০০ থেকে ১২ হাজার টাকায় উঠেছে। গিগাবাইট বা আসুস ৪৫০ সিরিজের মাদারবোর্ডের দাম ৬ হাজার ৮০০ থেকে বেড়ে ৮ হাজার টাকা হয়েছে।

বিজ্ঞাপন

১২তম প্রজন্মের কোর আই৫ প্রসেসরের দাম ১২ হাজার থেকে বেড়ে ১৭ হাজার এবং কোর আই৩ প্রসেসর ৯ হাজার থেকে ১২ হাজার টাকা হয়েছে। ২৪ ইঞ্চি মনিটরের দামও ১৬ হাজার থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়েছে।

তবে গ্রাফিকস কার্ডে বাজারভেদে দামের পার্থক্য বেশ বড়। কোবাইট কম্পিউটারের তথ্য অনুযায়ী, ৮ জিবি আরটিএক্স গ্রাফিকস কার্ডের দাম ৩০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ২৫ হাজার টাকা হয়েছে। ব্যবসায়ীদের মতে, মডেল, ব্র্যান্ড, জিপিইউ, মেমোরি, ওয়ারেন্টি ও স্টকের ধরন অনুযায়ী একই শ্রেণির পণ্যের দামেও বড় ব্যবধান থাকতে পারে।

র‌্যামের বাজারে কেন এত চাপ

বিজ্ঞাপন

বর্তমানে কম্পিউটার যন্ত্রাংশের মধ্যে র‌্যামের দামই সবচেয়ে বেশি আলোচনায়। নতুন প্রজন্মের প্রসেসর ও মাদারবোর্ডে ডিডিআর৫ ব্যবহারের প্রবণতা বাড়ছে। একই সঙ্গে গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিকস ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও এআইভিত্তিক কাজে বেশি মেমোরির প্রয়োজন হওয়ায় চাহিদাও বেড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজারদরের তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানে ডিডিআর৫ ১৬ জিবি র‌্যামের দাম ৭ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৭ হাজার থেকে ৩২ হাজার টাকার মধ্যে পৌঁছেছে। ডিডিআর৪ ৮ জিবির দামও বাজারভেদে ২ হাজার ১০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৮ হাজার টাকা হয়েছে।

এসএসডির দামেও বড় উল্লম্ফন

দ্রুতগতির স্টোরেজ হিসেবে এসএসডির ব্যবহার এখন প্রায় অপরিহার্য। বিশেষ করে এনভিএমই এসএসডি নতুন কম্পিউটারের অন্যতম জনপ্রিয় স্টোরেজে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

গ্লোবাল ব্র্যান্ডের তথ্য অনুযায়ী, ৫১২ জিবি এনভিএমই এসএসডির দাম ৪ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৫০০ টাকা এবং ১ টেরাবাইটের দাম ৭ হাজার থেকে ১৯ হাজার ৫০০ টাকা হয়েছে।

অন্যদিকে কোবাইটের বাজারদরে এনভিএমই এস১২ এসএসডি ৫ হাজার থেকে ১২ হাজার টাকা এবং ১ টেরাবাইট এসএসডি ১০ হাজার থেকে ২০ হাজার টাকায় উঠেছে। ফলে শুধু র‌্যাম ও এসএসডির দাম বাড়ার কারণেই একটি কম্পিউটার তৈরির মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

লাখ টাকায় পৌঁছেছে গ্রাফিকস কার্ড

বিজ্ঞাপন

গেমিং, ভিডিও এডিটিং, থ্রিডি ডিজাইন ও এআইভিত্তিক কাজের বিস্তারের কারণে উচ্চক্ষমতার গ্রাফিকস কার্ডের চাহিদা বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও।

গ্লোবাল ব্র্যান্ডের তথ্যে ৮ জিবি আরটিএক্স গ্রাফিকস কার্ডের দাম ৩২ হাজার থেকে ৪৮ হাজার টাকা হয়েছে। তবে কোবাইট কম্পিউটারের হিসাবে একই শ্রেণির ৮ জিবি আরটিএক্স কার্ড ৩০ হাজার থেকে বেড়ে ১ লাখ ২৫ হাজার টাকা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের প্রভাব

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের ভাষ্য, বিশ্ববাজারে মেমোরি চিপের চাহিদা বৃদ্ধি, এআই অবকাঠামো ও ডেটা সেন্টারের সম্প্রসারণ এবং সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় মেমোরি ও স্টোরেজ পণ্যের দাম বাড়ছে। বাংলাদেশে অধিকাংশ কম্পিউটার যন্ত্রাংশ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের প্রভাব স্থানীয় বাজারেও পড়ে। এর সঙ্গে ডলারের বিনিময়মূল্য, আমদানি, পরিবহন ও সরবরাহ ব্যয় যুক্ত হচ্ছে।

আরও পড়ুন

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের বগুড়া শাখার ব্যবস্থাপক আজিজুল করিম বলেন, এআই মডেল ও ক্লাউড সার্ভারের জন্য উন্নত মেমোরি ও স্টোরেজের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। পাশাপাশি বড় নির্মাতারা সাধারণ ভোক্তা পর্যায়ের ডিডিআর৪, ডিডিআর৫ র‌্যাম ও ন্যান্ড ফ্ল্যাশের তুলনায় হাই ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) এবং এন্টারপ্রাইজ এসএসডিতে বেশি গুরুত্ব দিচ্ছে।

তার মতে, এতে সাধারণ বাজারে মেমোরির সরবরাহ কমছে। পাশাপাশি ক্লাউড সেবাদাতা ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ মেমোরি ও স্টোরেজ সংগ্রহের প্রভাবও খুচরা বাজারে পড়ছে।

কম্পিউটার কিনতে বদলাতে হচ্ছে বাজেট

বগুড়ার ব্যবসায়ীরা বলছেন, নির্দিষ্ট বাজেট নিয়ে কম্পিউটার কিনতে আসা ক্রেতাদের অনেকে আগের পরিকল্পিত কনফিগারেশন ধরে রাখতে পারছেন না। কেউ কম ধারণক্ষমতার র‌্যাম বা এসএসডি নিচ্ছেন, আবার কেউ গ্রাফিকস কার্ড কেনা পিছিয়ে দিচ্ছেন।

কোবাইট কম্পিউটারের মালিক সজিবুল ইসলাম বলেন, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, ছোট ব্যবসায়ী ও সাধারণ অফিস ব্যবহারকারীরা এই মূল্যবৃদ্ধিতে বেশি চাপে পড়েছেন। কারণ একটি কম্পিউটারের মোট খরচ শুধু প্রসেসর বা মাদারবোর্ডের ওপর নির্ভর করে না; র‌্যাম, এসএসডি, মনিটর, পাওয়ার সাপ্লাই, কেসিংসহ সব যন্ত্রাংশের দাম মিলেই মোট ব্যয় নির্ধারিত হয়।

কম্পিউটার কিনতে আসা ব্যাংকার আব্দুল হামিদ বলেন, যেসব পণ্যের দাম দ্বিগুণ বা তিনগুণ হওয়ার কথা বলা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমদানি মূল্য, ডলারের বিনিময় হার, আমদানিকারকের মূল্য, পরিবহন ব্যয় ও খুচরা দামের তুলনা করলে প্রকৃত মূল্যবৃদ্ধির চিত্র আরও স্পষ্ট হবে। তবে সাধারণ ক্রেতাদের পক্ষে এসব তথ্য যাচাই করা কঠিন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD