Logo

রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

profile picture
উপজেলা প্রতিনিধি
রামগড়, খাগড়াছড়ি
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৪
রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ায় প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সজিব (২৫) নামে এক যুবক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রামগড়ে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সজিব রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, রামগড় ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের শরীরে দুধ ঢেলে গোসল করছেন সজিব। এ সময় তিনি জানান, জুয়ায় জড়িয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। এ কারণে দুধ দিয়ে গোসল করে আজ থেকে সব ধরনের জুয়া ছেড়ে দেওয়ার শপথ করছেন তিনি।

সজিবের দাবি, অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার পেছনে তিনি প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন। এতে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সজিব অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে একপর্যায়ে তিনি আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে সোমবার দুপুরে প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা করেন।

বিজ্ঞাপন

রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। ভুল বুঝতে পেরে সে এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। এখন যদি সত্যিই ফিরে আসে, সেটাই তার, তার পরিবার ও এলাকার জন্য ভালো।

আবদুল মান্নান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়। তিনি যেন প্রতিজ্ঞা অনুযায়ী জুয়া ছেড়ে ভালো পথে থাকেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ—সরাসরি হোক কিংবা অনলাইনে। এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে। জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশের মাদক ও জুয়াবিরোধী প্রচার-প্রচারণাও অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD