Logo

নেত্রকোণায় ৫০০ গাছ লাগানোর উদ্যোগ, পরিচর্যায় জোর ইউএনওর

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৮
নেত্রকোণায় ৫০০ গাছ লাগানোর উদ্যোগ, পরিচর্যায় জোর ইউএনওর
ছবি: প্রতিনিধি

শুধু গাছ লাগালেই পরিবেশ রক্ষার দায়িত্ব শেষ হয় না; রোপণ করা চারার যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাংলা বাজারে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চারু ফাউন্ডেশনের নেত্রকোণা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

কর্মসূচির অংশ হিসেবে বাংলা বাজারের ১৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বাংলা বাজার থেকে আমতলা সমাজ সড়ক পর্যন্ত সড়কের পাশে প্রায় ৩৫০টি চারা রোপণ করা হয়। সব মিলিয়ে কর্মসূচির আওতায় ৫০০টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ৪ নম্বর সিংহের বাংলা ইউনিয়নের প্রশাসক মো. আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান এবং নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা চারু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিজা খাতুন বলেন, চারু ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অনেক। বর্তমান সরকারও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিভিন্ন স্থানে গাছ লাগানোর পর যথাযথ পরিচর্যার অভাবে অনেক চারা নষ্ট হয়ে যায়। নেত্রকোণার বাইপাস এলাকাতেও আগে অনেক গাছ লাগানো হয়েছিল, তবে পরবর্তী সময়ে সেগুলোর বেশির ভাগ মারা গেছে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, গাছ লাগানোর পর নিজেদের উদ্যোগে নিয়মিত চারাগুলোর খোঁজখবর রাখতে হবে। একই সঙ্গে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে গ্রাম পুলিশদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোই কর্মসূচিটির মূল উদ্দেশ্য। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ধরনের চারা বিতরণের পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে বাংলা বাজার ও আশপাশের এলাকাকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD