Logo

মাদককারবারিকে ধরতে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৫
মাদককারবারিকে ধরতে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫
ছবি: এআই

ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ স্থানীয় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে মাদক বিক্রির তথ্য পেয়ে রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযান চলাকালে হঠাৎ ভিমরুলের ঝাঁক পুলিশ সদস্য ও ঘটনাস্থলে থাকা স্থানীয়দের ওপর হামলা চালায়।

এ সময় লালমোহন থানার এসআই আসাদ, এএসআই আলামিনসহ কয়েকজন পুলিশ সদস্য এবং স্থানীয় ২০ থেকে ২৫ জন ভিমরুলের কামড়ে আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্থানীয় স্কুলশিক্ষক আলাউদ্দিন হাওলাদার জানান, এলাকার এক নারী মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা ঘেরাও করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই ভিমরুলের আক্রমণ শুরু হয়। এতে বশার হাওলাদার, রুবেল, মামুনসহ আরও অনেকে আহত হন।

পরে শারমিন নামের ওই নারীকে কয়েকটি ইয়াবাসহ আটক করে পুলিশ।

ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতেই মাদক উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় ভিমরুলের কামড়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই অভিযানে ইয়াবাসহ অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD