সর্বহারা পার্টির পরিচয়ে হাবিপ্রবি শিক্ষকের কাছে চাঁদা দাবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক অধ্যাপকের কাছে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। টাকা না দিলে তার স্ত্রী-সন্তানসহ স্বজনদের হত্যা, গুম এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই শিক্ষক।
বিজ্ঞাপন
এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ দিনাজপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জিডিতে অধ্যাপক আবু সাঈদ উল্লেখ করেন, বুধবার দুপুরে একটি নম্বর থেকে তার মুঠোফোনে কল আসে। কলদাতা নিজেকে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান শিকদার মহিউদ্দিন’ হিসেবে পরিচয় দেন। প্রথমে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে অন্য একটি নম্বর দিয়ে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়।
কলদাতার দাবি ছিল, তার কয়েকজন সহযোগী ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন এবং তাদের অস্ত্রোপচারের জন্য অর্থ প্রয়োজন। তবে অধ্যাপক আবু সাঈদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ২০ থেকে ২৫ জন লোক পাঠিয়ে অধ্যাপকের বাড়ি থেকে তার স্ত্রী-সন্তানকে তুলে নেওয়া এবং তাদের হত্যা করার হুমকি দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানোর পাশাপাশি পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় জিডি করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অধ্যাপক ড. মো. আবু সাঈদ বলেন, “বুধবার দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাকে ফোন করে অশালীন ভাষায় গালাগাল করে এবং সর্বহারা সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়। একপর্যায়ে আমার কাছে চাঁদা দাবি করে। টাকা না দিলে বাড়িতে লোক পাঠানোর হুমকি দেয়। এ সময় আমার স্ত্রী-সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দিনাজপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছি। জিডি নম্বর-২২৫১।”
বিজ্ঞাপন
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।








