Logo

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৫
ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
ছবি প্রতিনিধি।

গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তারা কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তীটেক এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেটসংলগ্ন নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গাজী রাফেজ আহমেদ খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী এলাকার গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি কাশিমপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্ত্রী ও সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাফেজ একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন। এ সময় পাশের একটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা চলছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাফেজ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে একপর্যায়ে আতাউর রহমান তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফেজের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে রাফেজের পেটের ডান পাশে গুরুতর আঘাত লাগে।

রাফেজের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মুরাদ হোসেন ও আশরাফ আলীও ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

গুরুতর আহত রাফেজকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মুরাদ হোসেন ও আশরাফ আলীকে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আতাউর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো ছুরিটি জব্দ করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আতাউর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমেদ জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD