বসতঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হোসেন। শাহীন কাদির এনসিপির ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় শাহীন কাদিরকে দেখতে পান পরিবারের সদস্যরা। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ধর্মপাশা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক বলেন, “শাহীন কাদির এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, তা আমরা কল্পনাও করিনি। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা বুঝতে পারছি না। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।”
তবে শাহীন কাদিরের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় এনসিপির এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।








