মাদারীপুরে বিকল বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল পালকী পরিবহনের একটি বাস। বিকেল সাড়ে ৩টার দিকে বাসটি শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে এর একটি চাকা পাংচার হয়ে যায়। পরে চালক বাসটি সড়কের পাশে থামিয়ে দেন।
এ সময় পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ করতে না পেরে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এসব তথ্য নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিজ্ঞাপন
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।








