Logo

কেক-মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগ নেতাকর্মীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
জাজিরা, শরীয়তপুর
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬
কেক-মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগ নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগ উঠেছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান। পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক সেখানে জড়ো হন। একপর্যায়ে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সরে যান।

পরে ঘটনাস্থলে থাকা পাঁচটি মোটরসাইকেল ও একটি আস্ত কেক উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা হয়। পুলিশ ভিডিও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল।

উল্লেখ্য, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। তার জন্মদিনকে ঘিরে শনিবার ঢাকার ধানমন্ডিতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের খবর পাওয়া গেছে। সেখানে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD