Logo

গোসাইরহাটে রাস্তার পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগে হাজারো মানুষ

profile picture
উপজেলা প্রতিনিধি
গোসাইরহাট, শরীয়তপুর
১ অক্টোবর, ২০২৬, ১২:৩৮
গোসাইরহাটে রাস্তার পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগে হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীসহ স্থানীয় হাজারো মানুষ। আবর্জনার স্তূপের পাশাপাশি জমে থাকা পানিতে মশার উপদ্রবও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে পথচারীদের চলাচলে যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি বাড়ছে পরিবেশ দূষণের আশঙ্কা।

বিজ্ঞাপন

গোসাইরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাসের জঙ্গল বাজারের পশ্চিম পাশে, গোসাইরহাট ডাকবাংলোসংলগ্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। নিয়মিত অপসারণ না হওয়ায় সেখানে ধীরে ধীরে বড় আকারের ময়লার ভাগাড় তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পচা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃষ্টির সময় ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে। পাশাপাশি আবর্জনার স্তূপ ও জমে থাকা পানিতে মশার বংশবিস্তারও বাড়ছে।

স্থানীয়দের ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার মানুষ চলাচল করেন। তাঁদের মধ্যে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য। দুর্গন্ধের কারণে অনেককে নাক চেপে রাস্তা পার হতে হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থী সুরমিল বলেন, প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় এই সড়ক ব্যবহার করতে হয়। ময়লার তীব্র দুর্গন্ধে অনেক সময় টিফিনের খাবার খেতেও সমস্যা হয়, এমনকি বমি চলে আসে। বৃষ্টির দিনে ময়লা সড়কের ওপর চলে আসে। এতে নানা ধরনের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। দ্রুত জায়গাটি পরিষ্কার করার দাবি জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আরেক শিক্ষার্থী স্রিয়সী কর্মকার বলেন, ময়লার দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচলে অনেক সমস্যা হয়। বিশেষ করে বৃষ্টির সময় ময়লা পচে দুর্গন্ধ আরও বেড়ে যায়। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত জায়গাটি পরিষ্কার রাখার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

ময়লার ভাগাড়টির প্রায় ১০০ মিটারের মধ্যে রয়েছে ইদিলপুর মাধ্যমিক বিদ্যালয়। এর আশপাশে রয়েছে কয়েকটি মাদ্রাসা, গোসাইরহাট ডাকবাংলো, গোসাইরহাট বাজার ও বসতবাড়ি। গুরুত্বপূর্ণ এই এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি মশাবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুজাম্মেল বলেন, বিশেষ করে বৃষ্টির দিনে ময়লা পচে সড়কের পাশে তীব্র দুর্গন্ধ ছড়ায়। তখন স্বাভাবিকভাবে হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীসহ প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে এ দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে গোসাইরহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের কার্যালয়ে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শরীয়তপুর সদরে একটি বিশেষ সভায় থাকার কথা জানান। বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠানো হলেও প্রতিবেদন তৈরি পর্যন্ত তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে ময়লার ভাগাড় কোনোভাবেই থাকা উচিত নয়। দ্রুত আবর্জনা অপসারণ করে জায়গাটি পরিষ্কার করা, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং ময়লা ফেলার নির্দিষ্ট ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে দুর্গন্ধ, মশার উপদ্রব ও দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD