Logo

রামপালে ক্যাশলেস বাংলাদেশ সম্প্রসারণে সচেতনতামূলক ক্যাম্পেইন

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
১ অক্টোবর, ২০২৬, ১৩:০২
রামপালে ক্যাশলেস বাংলাদেশ সম্প্রসারণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসার এবং ‘এক দেশ এক কিউআর’ লেনদেন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম সম্প্রসারণে সচেতনতামূলক ক্যাম্পেইন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা ১১টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক পিএলসি’র ভাঘাশাখা, মোল্লাহাট শাখা, চুলকাটি শাখা ও মোংলা পোর্ট শাখার যৌথ উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয় ও রামপাল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাট অঞ্চলের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক নাফিউল করিম।

সভায় বক্তারা নিরাপদ, সহজ ও স্মার্ট ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন। নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি দ্রুত ও সহজে কেনাকাটা ও লেনদেনের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।

বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। ‘এক দেশ এক কিউআর’ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD