কক্সবাজার সদর হাসপাতাল থেকে হ্যান্ডকাফসহ পালাল রোহিঙ্গা আসামি

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের হেফাজত ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
ওসি জানান, গত ২৫ সেপ্টেম্বর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে স্থানীয়রা অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় স্থানীয়দের মারধরে তারা আহত হওয়ায় পুলিশ তাদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
আতিকুর রহমান মজুমদার বলেন, হাসপাতালে চিকিৎসাধীন দুই আসামির মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি ইব্রাহীম পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন
ওসি বলেন, বুধবার রাতে এক পুলিশ কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যের হেফাজতে থাকা অবস্থায় ইব্রাহীম হঠাৎ হাসপাতালের ওয়ার্ড থেকে হ্যান্ডকাফসহ উধাও হয়ে যায়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে খোঁজ নিয়ে তার সন্ধান মেলেনি।
ঘটনার পর থেকে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি আতিকুর রহমান মজুমদার।








