Logo

প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দেওয়া হলো কুষ্টিয়ার সেই শিক্ষককে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ২১:১১
প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দেওয়া হলো কুষ্টিয়ার সেই শিক্ষককে
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে তাকে নিরাপত্তার সঙ্গে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুল শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি আরও লেখেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

মাহদী আমিন লেখেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে, প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে গোলাম কিবরিয়া লালনকে আটক করে পুলিশ। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন—এমন অভিযোগও ওঠে।

বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি তিনি মঙ্গলবার রাতে জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ওই শিক্ষককে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন শিক্ষক গোলাম কিবরিয়া লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেন।

বিজ্ঞাপন

তবে তিনি প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন বক্তব্য দিয়েছিলেন বলে জানান প্রধান শিক্ষক। পরে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে পুলিশ শিক্ষককে হেফাজতে নেয়।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতেই তাকে নিরাপত্তার সঙ্গে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD