ছেলেকে মারার অভিযোগ, ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে ৩ বার আছাড়

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর এবং পরপর তিনবার আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই অভিভাবককে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে
আটক ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষ হওয়ার পর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগে, আগের দিন একই শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। ওই ঘটনায় নিজের ছেলেকে মারধরের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিদ্যালয়ে আসেন নাহিদ শেখ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে তিনি সরাসরি ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে মারধর করেন তিনি। একপর্যায়ে হাবিবকে ধরে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন।
এসময় শ্রেণিকক্ষে থাকা অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে জানান।
খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে নিয়ে যায়। এ ঘটনার সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক অন্য শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধর করেছেন। বিষয়টি ঠিক হয়নি।’
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








