Logo

তালাবদ্ধ বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১ অক্টোবর, ২০২৬, ১৮:৫৫
তালাবদ্ধ বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় একটি তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা আমেনা খানমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আমেনা খানমের পাশের বাসার ভাড়াটিয়ারা তার ঘর থেকে দুর্গন্ধ পান। তারা বিষয়টি বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগমকে জানান। পরে রিনা বেগম আমেনার ছেলে রিফাতকে খবর দেন। রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খবর পেয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার তালা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় খাটের ওপর আমেনা খানমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

নিহত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন। প্রায় এক বছর আগে ভাটিখানা এলাকার ওই ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেছিলেন।

বিজ্ঞাপন

বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম জানান, প্রায় এক বছর ধরে আমেনা খানম তাদের বাসায় ভাড়া থাকতেন। তিনি একাই সেখানে বসবাস করতেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, আমেনা খানমের ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল। তালা খুলে ভেতরে প্রবেশের পর হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD