Logo

আন্তর্জাতিক প্রবীণ দিবসে নেছারাবাদে র‌্যালি ও আলোচনা সভা

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
১ অক্টোবর, ২০২৬, ২১:৩৬
আন্তর্জাতিক প্রবীণ দিবসে নেছারাবাদে র‌্যালি ও আলোচনা সভা
ছবি প্রতিনিধি।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নেছারাবাদে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সালাহউদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের সামাজিক মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সমাজের সামগ্রিক অগ্রগতিতে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবীণদের প্রতি সম্মান, যত্ন ও সহমর্মিতার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক আহমেদ বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন। তারা আমাদের অভিজ্ঞতার অশেষ ভাণ্ডার এবং জীবনের নানা ক্ষেত্রে দিকনির্দেশক। দীর্ঘ কর্মজীবন ও অভিজ্ঞতার মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই তাদের জীবনমানের উন্নয়ন ও যথাযথ সম্মান নিশ্চিত করা সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রবীণদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের উচিত প্রবীণদের প্রতি সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ করা। প্রবীণদের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় প্রবীণদের জীবনমান উন্নয়ন, তাদের প্রতি সামাজিক দায়িত্ব এবং পরিবারের মধ্যে প্রবীণদের যথাযথ মর্যাদা দেওয়ার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে তাদের আরও সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলার প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD