Logo

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১ অক্টোবর, ২০২৬, ২১:৪৭
সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার পালংখালী সীমান্তে শূণ্যরেখার মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা ক্ষত-বিক্ষত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিআরএম-১৯ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় শূণ্যরেখার মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আহত হামিদ হোসেন সুন্দরী (৩০) উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-২৭ ব্লকের বাসিন্দা মৃত কামাল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার পালংখালী সীমান্তে শূন্যরেখার থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে আকস্মিক স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আহত হয়ে রোহিঙ্গা যুবক হামিদ হোসেন সুন্দরীর ডান পায়ের গোড়ালী সম্পূর্ণ ক্ষত-বিক্ষত এবং বাম পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজিবির এ কর্মকর্তা বলেন, আহত অবস্থায় হামিদ হোসেন সুন্দরী সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

উল্লেখ্য, গত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ০১ অক্টোবর পর্যন্ত উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৪০টির অধিক স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি মানুষ আহত বা পঙ্গুত্বের শিকার হয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD