মীমাংসার কথা বলে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাইয়ের সঙ্গে জমিজমার বিরোধ মীমাংসার কথা বলে এক নারীকে (৩২) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের মৃত তসর উদ্দিনের ছেলে। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক জমিজমা নিয়ে ওই নারীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। এ নিয়ে তার ভাই থানায় লিখিত অভিযোগও করেছিলেন। বিষয়টি আপস-মীমাংসা করে দেওয়ার কথা বলে শনিবার সন্ধ্যায় নিজের বাড়ির পাশে মুরগির খামারে ওই নারীকে ডেকে নেন হোসেন আলী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়, খামারে থাকা হোসেন আলীর সহযোগী স্থানীয় দুলু মিয়ার সহায়তায় ওই নারীকে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এতে রাজি না হওয়ায় দুজন মিলে তাকে মারধর ও বিবস্ত্র করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হোসেন আলী ও তার সহযোগী সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত ও কাদামাখা অবস্থায় তাকে ধানক্ষেত থেকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, ভাই-বোনের বিরোধ মীমাংসার কথা বলে হোসেন আলী তাকে ডেকে নেন। সেখানে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে তাকে ধানক্ষেতের আইলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় হোসেন আলী ও তার সহযোগী তার বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
এ ঘটনায় হোসেন আলীকে প্রধান করে দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী। মুঠোফোনে তিনি বলেন, তাকে হেয় করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি ওই সময় নিজের মুরগির খামারে মুরগি বিক্রি নিয়ে ব্যস্ত ছিলেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








