Logo

অসুস্থ শরীর নিয়ে ভিটেহীন দম্পতির চরম জীবন সংগ্রাম

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
৪ অক্টোবর, ২০২৬, ১৭:৫৯
অসুস্থ শরীর নিয়ে ভিটেহীন দম্পতির চরম জীবন সংগ্রাম
ছবি: সংগৃহীত

বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক চলাফেরাও প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অথচ প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য নেই। কখনো সরকারি জমিতে আশ্রয় নিয়ে, কখনো মানুষের কাছে হাত পেতে দিন পার করছেন যশোরের শার্শা উপজেলার সাহেব আলী (৬৪) ও তার স্ত্রী জোবেদা খাতুন (৫০)। দুবেলা খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে চিকিৎসার ব্যয় বহন করা তাদের কাছে প্রায় অসম্ভব।

বিজ্ঞাপন

শার্শার দাউদখালী গেট এলাকার এই অসহায় দম্পতি মানবেতর জীবনযাপন করছেন। নিজেদের চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সাহেব আলী। এরপর থেকে তার শরীরের একাংশ অবশ হয়ে যায় এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। পরবর্তী সময়ে তার হৃদরোগ ও কিডনির জটিলতাও ধরা পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন তার স্ত্রী জোবেদা খাতুন। সামান্য হাঁটাচলা করলেই শ্বাসকষ্টে হাঁপিয়ে ওঠেন তিনি। পাশাপাশি শ্রবণশক্তিও হারিয়েছেন অনেকটাই। শারীরিক অসুস্থতার কারণে কাজ করার সামর্থ্য না থাকায় মানুষের কাছে সাহায্য চেয়ে কোনোরকমে দিন কাটছে তাদের।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দুজনেরই নিয়মিত উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সেবন করা জরুরি। তাদের প্রতি মাসে ওষুধ কিনতেই অন্তত তিন হাজার টাকা প্রয়োজন। কিন্তু ভিক্ষা করে সংসার চালানো এই দম্পতির পক্ষে সেই অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তারা।

বিজ্ঞাপন

অসহায় জোবেদা খাতুন বলেন, ‘আমাদের দুজনেরই চিকিৎসা আর ওষুধের দরকার। কিন্তু ওষুধ কেনার সামর্থ্য নেই। কেউ একটু সাহায্য করলে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

কায়বা ইউনিয়নের ২ নম্বর ভবানীপুর-দাদখালি ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মনু বলেন, ‘মহিলাটির কান্না আমাদের ব্যথিত করেছে। পরিবারটি খুবই গরিব। খবর শুনে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করছি। তাদের চিকিৎসার খরচ জোগাতে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি।’

অসহায় এই দম্পতির চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD