শিক্ষিকাকে অপহরণচেষ্টা : ছাত্রদল নেতাকে গ্রেফতারে আলটিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে প্রকাশ্যে অপহরণের চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) দুপুরে আকছিনা-কুল্লাবাড়ী মডার্ন স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নাহ কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
সমাবেশে বক্তব্য দেন আকছিনা মাদরাসার প্রিন্সিপাল নুরুল আমিন মোল্লা, খন্দকার জাহাঙ্গীর আলম, খন্দকার আজাদ মিয়া, ছাত্রদল নেতা খন্দকার সাদ্দাম হোসেন, খন্দকার রনি, খন্দকার জসিম উদ্দিন এবং আকছিনা-কুল্লাবাড়ী মডার্ন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বক্তারা বলেন, স্থানীয় এক স্কুলশিক্ষিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু অভিযোগ দায়েরের ছয় দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেলোয়ার হোসেন জিন্নাহকে গ্রেফতার করা না হলে এলাকার সম্মান রক্ষায় থানা ঘেরাওসহ একাধিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী শিক্ষিকার পরিবারের সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকার পথরোধ করেন দেলোয়ার হোসেন জিন্নাহ। ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাইলে শিক্ষিকা তাতে সাড়া না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত পিস্তল বের করে শিক্ষিকার পেটে ঠেকিয়ে ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে জোর করে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন ওই শিক্ষিকা।
পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক কিলোমিটার যাওয়ার পর সুযোগ বুঝে চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেন ভুক্তভোগী। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অপহরণে ব্যর্থ হয়ে অভিযুক্ত সিএনজিসহ পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন জিন্নাহ। তার দাবি, তিনি ওই শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করেননি; বরং সম্পর্কের কারণে তাকে সিএনজিতে নিয়ে ঘুরেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হেয় করতে এমন অভিযোগ তুলেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








