Logo

চাকরির ভেরিফিকেশনে বাধা, মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৪ অক্টোবর, ২০২৬, ১৯:৫৬
চাকরির ভেরিফিকেশনে বাধা, মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী
ছবি : এআই দিয়ে তৈরি

চাকরি পাওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে বাবার নামে স্থাবর সম্পত্তি না থাকায় চাকরি থেকে বাদ পড়ার আশঙ্কায় ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক মুসলিম তরুণ। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী এক হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে বিনা মূল্যে তাঁকে এক শতক জমি দান করেছেন। এমন মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন ওই প্রতিবেশী।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জুড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন। তবে সরকারি বিধি অনুযায়ী জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আপাতত দাতা ও গ্রহীতার পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।

জানা গেছে, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের সময় ওই তরুণের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকার বিষয়টি সামনে আসে। এতে চাকরি পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে তাঁর পরিবার।

সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন বলেন, চাকরি পাওয়া ওই তরুণের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিষয়টি জানতে পেরে তাঁদের এক প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি কোনো ধরনের বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন। এমনকি জমি রেজিস্ট্রেশনের খরচও তিনি নিজেই বহন করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তরুণটির পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছে। পরিবারের সমস্যার কথা জানতে পেরে ওই প্রতিবেশী স্বপ্রণোদিত হয়ে জমিটি দানের উদ্যোগ নেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। তাঁদের মতে, একজন তরুণের চাকরির পথে তৈরি হওয়া জটিলতা দূর করতে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এ ঘটনা সামাজিক সম্প্রীতি ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD