Logo

ফুলবাড়ী সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলবাড়ী, কুড়িগ্রাম
৯ অক্টোবর, ২০২৬, ১৫:৫৬
ফুলবাড়ী সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল, এক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-১৩ (রংপুর)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ইস্কাফ সিরাপ।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার অনন্তপুর মাস্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির আঙিনায় তল্লাশি চালায়। এ সময় আঙিনার একটি পরিত্যক্ত স্থান থেকে অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ম্যাগাজিনসহ একটি ভারতীয় পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি, ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল ইস্কাফ সিরাপ।

বিজ্ঞাপন

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD