১২ ঢাকের বাদনে মহালয়ায় দেবী দুর্গাকে স্বাগত

ফরিদপুরে প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসবের সূচনাপর্ব মহালয়া উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী নৃত্যনাট্য ও ঢাক উৎসব। একসঙ্গে ১২টি ঢাকের ছন্দময় বাদনে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানোর মধ্য দিয়ে উৎসবে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে গভীর রাত পর্যন্ত শহরের নিলটুলী আইডিয়াল ক্লাবের উদ্যোগে ফরিদপুর সার্বজনীন পূজা সমিতি মন্দির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে দেবী দুর্গাকে আবাহন করা হয়। চণ্ডীপাঠের মধ্য দিয়ে তৈরি হয় মহালয়ার ধর্মীয় আবহ। পরে নৃত্যনাট্য পরিবেশনা ও ঢাকের তালে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উৎসবে বিভিন্ন বয়সী শিশু-কিশোর, নারী-পুরুষসহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। ঐতিহ্যবাহী ঢাকের বাদন ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত ভক্তরা।
বিজ্ঞাপন
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল একসঙ্গে ১২টি ঢাকের বাদন। ঢাকের ছন্দময় শব্দে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয়। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকদের একজন সুমধুরানন্দ মহারাজ জানান, মহালয়ার এ বিশেষ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নৃত্যনাট্য ও ঢাক উৎসবের আয়োজক বন্ধুকিশোর ব্রহ্মচারী বলেন, মহালয়াকে কেন্দ্র করে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাতে এ ধরনের ঢাক উৎসব দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। ধর্মীয় আবহ, ঐতিহ্যবাহী ঢাকের বাদন ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে এ আয়োজন দুর্গোৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন আয়োজকেরা।








