Logo

চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন 'মা'

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১২ অক্টোবর, ২০২৬, ১৪:৫৮
চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন 'মা'
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই কন্যাসন্তানকে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে শিশু দুটির স্বজনদের খুঁজে পাওয়া যায়। পরে তাদের চাচির জিম্মায় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারের দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলের পাশের স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার এলাকায় দুই শিশুকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখে স্থানীয় লোকজন তাদের কাছে যান। এ সময় পাঁচ বছর বয়সী বড় বোন ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দিয়ে কোথাও চলে গেছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে কান্নাকাটি করছিল তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে শিশু দুটির পরিচয় শনাক্ত এবং পরিবারের সদস্যদের খুঁজে বের করতে স্থানীয় কয়েকজন তাদের ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় তিনি শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, শিশু দুটির বাবা নাছির কুমিল্লা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে আইনি বিচ্ছেদ হয়। এরপর জেসমিন অন্যত্র বিয়ে করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে শিশুদের চাচি মুঠোফোনে তাদের মা জেসমিনের সঙ্গে যোগাযোগ করেন। ফোনালাপে জেসমিন শিশু দুটিকে স্বেচ্ছায় ও জেনেশুনে রাস্তায় রেখে যাওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি শিশুদের আর কোনো দায়িত্ব নেবেন না কিংবা ফিরিয়ে নেবেন না বলেও জানান। এদিকে শিশুদের বাবা নাছিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। স্থানীয় এক চিকিৎসক ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। তবে এর আগেই পরিবারের সদস্যরা চিকিৎসকের দোকানে উপস্থিত হন। পরে স্থানীয়দের উপস্থিতিতে শিশু দুটিকে তাদের চাচির কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD