Logo

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীর প্রতি আহ্বান চসিক মেয়রের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৩ অক্টোবর, ২০২৬, ১৯:৫৬
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীর প্রতি আহ্বান চসিক মেয়রের
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মেয়র।

তিনি বলেন, ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’—এই স্লোগানকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। বাসাবাড়ি ও আশপাশে পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বন্ধ করা কঠিন হয়ে পড়ে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মেয়র জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নগরীর ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোতে মশক নিধন, মশার লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে। মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করার পাশাপাশি মাঠপর্যায়ে এসব কার্যক্রমের অগ্রগতিও তদারকি করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু নাগরিকেরা নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার না রাখলে এডিস মশার বংশবিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

এডিস মশার প্রজননস্থল সম্পর্কে সতর্ক করে ডা. শাহাদাত হোসেন বলেন, বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পানির ট্রেতে পানি জমছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার ও প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানিও দ্রুত সরিয়ে ফেলতে হবে।

তাঁর মতে, সামান্য অসচেতনতার কারণে এসব জায়গায় এডিস মশা বংশবিস্তার করতে পারে। এ জন্য প্রতি তিন দিন পরপর বাড়ি ও আশপাশে কোথাও পানি জমেছে কি না, তা পরীক্ষা করার পাশাপাশি প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।

ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র। তিনি বলেন, এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই শুধু রাতে নয়, দিনেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকার ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি। জ্বরসহ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শও দেন মেয়র।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু সম্পর্কে সঠিক তথ্য জানা ও অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে। কোনো তথ্য যাচাই না করে প্রচার না করে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সরকারি সূত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।

মেয়র আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন, ব্যবসায়ী সমাজ ও নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে সবাই এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজিত এই কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাকেই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD