Logo

১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৬ অক্টোবর, ২০২৬, ১৫:০০
১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য ১৫ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

মুক্তি পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা এক মাদক কারবারির উপস্থিতি টের পেয়ে তাকে ধাওয়া করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ধাওয়ার একপর্যায়ে কনস্টেবল রোহিত দেওয়ান অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে স্থানীয় ভারতীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

সহকর্মীকে ফিরিয়ে আনতে গিয়ে এএসআই ইমরান হোসেনও বিএসএফের হাতে আটক হন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রাত থেকেই পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে বৃহস্পতিবার রাত থেকে আলোচনা চলছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে। এ সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD