নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, গ্রেফতার যুবক

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব নামে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে অভিযান চালিয়ে পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা শমসের আলীর ছেলে। তিনি দুর্গাপুরের অন্যতম সন্ত্রাসী হিসেবে পরিচিত তাজুল ইসলামের সহযোগী বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ।
এর আগে বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশের একটি দোকানে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক থেকে কিছুটা ভেতরে তেলনজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের ঘটনা নিয়ে লেখালেখি করতেন তিনি।
আলিফের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তার হত্যাকাণ্ডের ঘটনায় অপূর্বকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে। তবে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্য ও পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়নি।








