Logo

পুটিজানার সব বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ সাদ্দাম খানের

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২০ অক্টোবর, ২০২৬, ১৬:৪৬
পুটিজানার সব বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ সাদ্দাম খানের
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নের বাজারগুলোতে নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরাম।

বিজ্ঞাপন

ইউনিয়নের বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ স্থানে শিগগিরই এসব ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এ উদ্যোগের মূল লক্ষ্য।

পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রবাসী রাজিব হোসেন খান সাদ্দামের উদ্যোগে এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা জোরদার, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের চলাচল নিরাপদ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

স্থানীয় অর্থনীতি ও জনজীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র বাজার। প্রতিদিন এসব বাজারে কেনাকাটা ও ব্যবসায়িক কাজে আসেন বহু মানুষ। তাই বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ সহজ হবে। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহেও সহায়তা পাওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

ফোরামের চেয়ারম্যান প্রবাসী রাজিব হোসেন খান সাদ্দাম বলেন, আমাদের লক্ষ্য একটি নিরাপদ, সুন্দর ও জনবান্ধব পুটিজানা ইউনিয়ন গড়ে তোলা। ইউনিয়নের বাজারগুলোতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারেন এবং নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা ও কল্যাণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবার পরিচয়। সমাজ ও দেশের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এ উদ্যোগ বাস্তবায়ন করা সহজ হবে। আমাদের প্রত্যাশা, নিরাপদ পুটিজানা গড়ার এ প্রচেষ্টা অন্যদেরও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে।

উদ্যোগটি বাস্তবায়িত হলে বাজারের নিরাপত্তা পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ক্যামেরা স্থাপনের পাশাপাশি সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, নজরদারির দায়িত্ব এবং ধারণ করা ভিডিও সংরক্ষণ ও ব্যবহারের নীতিমালা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রত্যাশা, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাজারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD