নিজ দলের কর্মী ছাড়া কাউকে জামায়াত ভিক্ষাও দেয় না: এমপি খোকন

জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, দলটি ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। তাঁর দাবি, জামায়াতের কর্মী ও সমর্থকদের বাইরে সাধারণ মানুষের জন্য দলটির কার্যক্রম সীমিত। এ কারণে দলটিকে রাজনৈতিক দলের পরিবর্তে একটি সমিতি বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংসদ সদস্য খোকন।
তিনি বলেন, “সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাঁর ভাষ্য, দলটির কর্মকাণ্ড মূলত নিজস্ব কর্মী ও সমর্থকদের ঘিরেই পরিচালিত হয়। সাধারণ মানুষের জন্য তাদের কার্যক্রমের পরিধি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সংসদ সদস্য বলেন, স্থানীয় প্রশাসন সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন। প্রশাসনকে পাশে পেয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দিত ও উচ্ছ্বসিত বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ উর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।








