Logo

দর্শনায় কেরুর ৩১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২০ অক্টোবর, ২০২৬, ১৭:৪১
দর্শনায় কেরুর ৩১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির উন্নত প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে আখ চাষ করা কৃষকদের মধ্যে নগদ অর্থ প্রণোদনা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে কেরুর ট্রেনিং কমপ্লেক্স ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিজিটাল পদ্ধতিতে বোতাম চেপে দেশব্যাপী ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে মোট ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা প্রণোদনা বিতরণ করা হয়। এর অংশ হিসেবে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আওতায় উন্নত প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে আখ চাষ করা ৩ হাজার ১৮৫ জন কৃষকের মধ্যে ৯৫ লাখ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়। তাঁদের মধ্যে ১০ জন নারী আখচাষি রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক মির্জা গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক মো. রাজিবুল ইসলাম, মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান এবং মহাব্যবস্থাপক (কৃষি বাণিজ্যিক খামার) মো. বিল্লাল হোসেন।

এ ছাড়া আখচাষি কল্যাণী ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আখচাষি অহিদুজ্জামান অহিদ, জালাল উদ্দিন লিটন ও আওয়াল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD