আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বসতঘর ও পাঁচটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত গ্রামটিতে থেমে থেমে সংঘর্ষ, মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় অভিযুক্ত রেজাউল ইসলাম ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। স্থানীয় নির্বাচনের পর তিনি ও তাঁর সমর্থকেরা বাড়িঘরে ফিরতে শুরু করেন। এ নিয়ে স্থানীয় মখলেছ হোসেনের সঙ্গে রেজাউল ইসলামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়।
পূর্ববিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মঙ্গলবার সকালেও দফায় দফায় মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। এতে অন্তত ২৫ জন আহত হন। পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ ও মারামারির ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








