নজর কাড়ছে ৪০ কেজি মিলেটের দানায় তৈরি দুর্গাপ্রতিমা

দূর থেকে দেখলে মনে হবে সোনালি চাদরে মোড়ানো দেবী দুর্গা। তবে কাছে গেলেই ধরা পড়ে ভিন্ন চিত্র। প্রতিমার পুরো শরীরজুড়ে নিপুণভাবে বসানো হয়েছে ছোট ছোট শুকনো মিলেটের দানা। প্রায় ৪০ কেজি শস্যদানা দিয়ে তৈরি ব্যতিক্রমী এই দুর্গাপ্রতিমা এবার দর্শনার্থীদের নজর কাড়ছে নাটোরে।
বিজ্ঞাপন
নাটোর শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া দুর্গামন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। সেখানে মাটির প্রতিমার গায়ে যত্নসহকারে বসানো হচ্ছে মিলেটের দানা। প্রচলিত সাজসজ্জার বাইরে গিয়ে শস্যদানা দিয়ে প্রতিমা তৈরির এই উদ্যোগ স্থানীয় পূজামণ্ডপে এনেছে ভিন্ন মাত্রা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে নাটোরে ধান, পাটের আঁশ, মুগ ডাল, ভুট্টা ও সাবুদানা দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা দর্শনার্থীদের আকর্ষণ করেছিল। সেই ধারাবাহিকতায় এবার মিলেটের দানা ব্যবহার করে নতুনত্ব এনেছেন আয়োজকেরা।
প্রতিমার গায়ে শস্যদানার নিখুঁত বিন্যাসে ফুটে উঠেছে শিল্পীর ধৈর্য, দক্ষতা ও সৃজনশীলতা। সোনালি আভায় সাজানো প্রতিমাটি দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করছে। পূজার ধর্মীয় আবহের পাশাপাশি ব্যতিক্রমী এই শিল্পকর্ম নাটোরের দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।








