রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির দ্বিতীয় চালান পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা শুরু করে বহরটি।
ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত বিভিন্ন সড়কে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
পরিবহনের সময় সংশ্লিষ্ট সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নির্ধারিত গন্তব্যে নিরাপদে চালান পৌঁছে দিতে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইউরেনিয়ামের চালানটি রাশিয়া থেকে ঠিক কবে বা কখন ঢাকায় পৌঁছেছিল, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ৩ অক্টোবর একইভাবে ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। পর্যায়ক্রমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ৭টি চালান চলতি বছরের মধ্যে রুপপুর বিদ্যুৎকেন্দ্রে আসার কথা রয়েছে।








