Logo

‘সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে’

profile picture
জেলা প্রতিনিধি
১ নভেম্বর, ২০২৬, ১১:৪৬
‘সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে’
ছবি এআই।

কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি। জেলা পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ওপর অভিভাবক ও শিক্ষকদের পর্যাপ্ত নিয়ন্ত্রণ নেই। যে বয়সে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময়ে তাদের বিকেলে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। এমনকি বিভিন্ন অঙ্গভঙ্গি করা ও শিস দেওয়ার মতো ঘটনাও ঘটছে। পারিবারিক শাসন ও নজরদারির ঘাটতি থেকেই কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

ডিআইজি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং এ দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। অপরাধ দমনে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD