কুড়িগ্রাম গোল্ডকাপে শেষ হাসি পৌরসভা দলের, রানার্সআপ সদর

উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে শেষ হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে কুড়িগ্রাম সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম পৌরসভা দল।
বিজ্ঞাপন
ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মাঠের লড়াই উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। তাঁদের উল্লাস ও করতালিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরিতেও খেলাধুলার বিকল্প নেই। কুড়িগ্রামের তরুণদের মধ্যে খেলাধুলার এমন আগ্রহ দেখে তিনি আনন্দিত বলেও জানান।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক আরও বলেন, ফাইনালে কুড়িগ্রাম পৌরসভা চ্যাম্পিয়ন হলেও সদর উপজেলা দলও ভালো লড়াই করেছে। ভবিষ্যতে এই মাঠ থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। টুর্নামেন্ট আয়োজন ও সফল করতে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ফাইনাল ঘিরে উৎসবের আবহ থাকলেও স্টেডিয়ামের অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দর্শক ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের অভিযোগ, জেলার গুরুত্বপূর্ণ এই স্টেডিয়ামে দর্শকদের বসার জন্য স্থায়ী গ্যালারি নেই। ফলে হাজারো দর্শককে রোদ ও দুর্ভোগ উপেক্ষা করে মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা দেখতে হয়েছে।
নারী দর্শকদের জন্য আলাদা ও নিরাপদ বসার জায়গা না থাকায় তাঁদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের বিশ্রাম নেওয়া, প্রস্তুতি ও পোশাক পরিবর্তনের জন্য মানসম্মত ড্রেসিংরুম বা উপযুক্ত কক্ষের অভাব রয়েছে।
বিজ্ঞাপন
এসব সমস্যা সমাধানে স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন স্থানীয় দর্শক ও ক্রীড়ামোদীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার কোহিনুর রহমান ও মোসাব্বের হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক মেয়র আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা দল পেয়েছে ট্রফির পাশাপাশি এক লাখ টাকা। রানার্সআপ কুড়িগ্রাম সদর উপজেলা দল পেয়েছে ট্রফি ও ৫০ হাজার টাকা। শ্রেষ্ঠ খেলোয়াড়ের জন্য ছিল পাঁচ হাজার টাকা ও বিশেষ সম্মাননা।
বিজ্ঞাপন
দর্শকদের ব্যাপক উপস্থিতি ও দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।








