Logo

আছিম আইডিয়াল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি জিল্লুর রহমান

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১ নভেম্বর, ২০২৬, ১৬:১৭
আছিম আইডিয়াল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি জিল্লুর রহমান
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী আছিম আইডিয়াল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবী মো. জিল্লুর রহমান দিদার। তাঁর এ মনোনয়নকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।

জানা গেছে, জিল্লুর রহমান দিদার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই শিক্ষা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। এ ছাড়া বৃহত্তর ময়মনসিংহ সমিতি, বিভাগীয় সমিতি এবং বিভিন্ন ছাত্রকল্যাণমূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ঢাকায় অবস্থানকালেও বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক উদ্যোগে সক্রিয় ছিলেন তিনি।

স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, তাঁর শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক অভিজ্ঞতা বিদ্যালয়ের উন্নয়নে কাজে আসতে পারে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, শৃঙ্খলা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা করছেন।

বিজ্ঞাপন

সভাপতির দায়িত্ব পাওয়ার পর মো. জিল্লুর রহমান দিদার বলেন, ‘আছিম আইডিয়াল হাই স্কুল আমার কাছে অত্যন্ত আপন একটি প্রতিষ্ঠান। শিক্ষার মান উন্নয়ন, সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা যেন শুধু ভালো ফলাফলই নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও যোগ্যতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে প্রচেষ্টাই থাকবে।’

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি শুধু অবকাঠামোর ওপর নির্ভর করে না; বরং শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের সাফল্য, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধও গুরুত্বপূর্ণ। এ জন্য বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সুশাসন, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

দক্ষিণ ফুলবাড়ীয়ার শিক্ষার ঐতিহ্য ধরে রেখে আছিম আইডিয়াল হাই স্কুলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD