Logo

পূবাইলে ছাত্রলীগের ব্যানারসহ গ্রেপ্তার চারজন, তিনজনই শিশু

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:৪৮
পূবাইলে ছাত্রলীগের ব্যানারসহ গ্রেপ্তার চারজন, তিনজনই শিশু
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন তরুণ এবং তিনজন শিশু। এ সময় ছাত্রলীগের লোগো সংবলিত একটি ব্যানার জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে পূবাইল থানার হায়দরাবাদ দিলারটেক এলাকার বিলাসারা জামে মসজিদসংলগ্ন নির্মাণাধীন ষাট ফিট সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় দায়িত্ব পালন ও অভিযান পরিচালনা করছিলেন। এ সময় কয়েকজনকে ছাত্রলীগের ব্যানার হাতে মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শফিকুল ইসলাম (১৮), আব্দুল কাইয়ুম (১৭), সানজিদুল ইসলাম রামিম (১৫) ও মো. ইয়ামিন (১৪)। তাঁরা সবাই পূবাইল থানার হায়দরাবাদ দিলারটেক এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে ছাত্রলীগের লোগোযুক্ত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। ব্যানারটিতে ‘লকডাউন সফল হোক, পূবাইল থানা ছাত্রলীগ’ লেখা ছিল।

এ ঘটনায় পূবাইল থানার এসআই আল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে শফিকুল ইসলাম এজাহারনামীয় আসামি। বাকি তিনজন শিশু হওয়ায় তাঁদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD