Logo

জাবিতে সাংবাদিকদের গালিগালাজ ও হুমকির অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৮ মে, ২০২৬, ১৩:১০
জাবিতে সাংবাদিকদের গালিগালাজ ও হুমকির অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, হুমকি এবং কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের সঙ্গে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উত্তেজিত কিছু আন্দোলনকারী শিক্ষার্থী প্রক্টরকে ঘিরে ধরলে সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নূরে তামিম স্রোতসহ কয়েকজন সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন।

পরে ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ অনুযায়ী, অর্থনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার প্রকাশকারী গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসময় তার আশপাশে থাকা আরও কয়েকজন তাকে উসকানি দেন।

বিজ্ঞাপন

ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, এ ধরনের আচরণ ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও মুক্তচিন্তার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

জাবি সাংবাদিক সমিতির সভাপতি ও বাসস প্রতিনিধি মাহ্ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

আজকের পত্রিকার প্রতিনিধি মুশফিক রিজওয়ান বলেন, একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর দায় চাপিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যা পেশাগত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

বিজ্ঞাপন

দৈনিক যুগান্তরের প্রতিনিধি রাশেদুল ইসলাম জানান, প্রক্টর অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে আন্দোলনকারীদের একটি অংশ সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করে।

একই দিন দুপুরে এনটিভি অনলাইনের প্রতিনিধি আকিব সুলতান অর্নব অভিযোগ করেন, পেশাগত পরিচয় দেওয়ার পরও তাকে রেজিস্ট্রার ভবনের একটি অংশে প্রবেশে বাধা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে ক্যাম্পাস সংশ্লিষ্ট সূত্রের দাবি, আলোচিত অপরাধীকে গ্রেপ্তারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ, সিআইডি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। অপরাধীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কথাও উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD