Logo

বাউবিতে গবেষণার নতুন দিগন্ত, ৫ম ব্যাচের এমফিল-পিএইচডি ওরিয়েন্টেশন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৮ মে, ২০২৬, ১৬:৩৩
বাউবিতে গবেষণার নতুন দিগন্ত, ৫ম ব্যাচের এমফিল-পিএইচডি ওরিয়েন্টেশন
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এ এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৫ম ব্যাচের গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে প্রশাসন বিভাগের রিসার্চ ডিগ্রি ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বিস্তারে বাউবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গবেষণা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়; এটি নতুন জ্ঞান সৃষ্টি, মানবকল্যাণ এবং রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। গবেষকদের নিষ্ঠা, সৃজনশীলতা ও নৈতিকতার সঙ্গে গবেষণা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি প্লেজিয়ারিজম ও অনৈতিক চর্চা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

উপাচার্য গবেষণার মান উন্নয়নে নিয়মিত কর্মশালা, গবেষক ফেলোশিপ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, আবাসন সুবিধা ও সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গবেষণানির্ভর কার্যক্রমের মাধ্যমেই বাউবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস বলেন, গবেষণাকে কেবল ডিগ্রি বা পদোন্নতির মাধ্যম হিসেবে নয়, মৌলিক জ্ঞান সৃষ্টির দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। এজন্য গবেষক ও সুপারভাইজারদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি বলেন, বাউবি গবেষণার জন্য একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। গবেষণার মান উন্নয়নে প্লেজিয়ারিজম চেক ব্যবস্থা, সহজ নীতিমালা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা, স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলাম, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ মন্ডল এবং স্কুল অব ল’র ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী।

বক্তারা গবেষণার গুণগত মান উন্নয়ন, মৌলিক গবেষণা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং ৫ম ব্যাচের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৪১ জন গবেষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসার্চ ডিগ্রি ইউনিটের যুগ্ম-পরিচালক এমএস তাসলিমা খানম।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD