রাজধানীর কোরবানির হাটে চিকিৎসাসেবা দিচ্ছেন বাকৃবির শিক্ষার্থীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে প্রথমবারের মতো সরাসরি মাঠপর্যায়ে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৫ শিক্ষার্থী।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৬ মে পর্যন্ত। স্বাস্থ্যসম্মত পশু বিক্রয় ও নিরাপদ কোরবানি নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি এবং উত্তর সিটি করপোরেশনের ১৬টি কোরবানির পশুর হাটসহ মোট ২৭টি হাটে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা সেবা দিতে বাকৃবি থেকে ১৫ সদস্যের ৬টি ভেটেরিনারি মেডিকেল টিম মাঠে কাজ করছে।
বিজ্ঞাপন
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশুর হাটে দায়িত্ব পালনরত বাকৃবির শিক্ষার্থী ডা. আসিফ ইকবাল বলেন, ঈদ সামনে রেখে হাটগুলোতে বিপুল সংখ্যক পশু আসায় অনেক ক্ষেত্রে প্রাণীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই অসুস্থ ও দুর্বল পশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিক্রেতা ও ক্রেতাদের পশুর সঠিক পরিচর্যা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সুস্থ পশু নিশ্চিত করা, কোরবানির জন্য উপযুক্ত প্রাণী নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং হাটের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখাই তাদের মূল লক্ষ্য।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি অস্থায়ী ও স্থায়ী পশুর হাট বসবে। এসব হাটে দায়িত্ব পালন করবে প্রায় ২ হাজার মোবাইল ভেটেরিনারি টিম।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২১ মে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা কার্যক্রমে যুক্ত কর্মকর্তা-কর্মচারী এবং ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।








