ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মো. মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেলে ওই শিক্ষার্থীকে তার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় তিনি ভিডিও কলে ছিলেন। বিষয়টি টের পেয়ে অপর প্রান্ত থেকে ছাত্রাবাস কর্তৃপক্ষকে জানানো হলে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান। বিভাগের শিক্ষক ড. মো. আনোয়ারুল কবির ভুঁইয়া বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও অপ্রত্যাশিত। একজন মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া কঠিন। তার সহপাঠীরাও আগে থেকে এমন কোনো সংকটের বিষয়ে অবগত ছিলেন না।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কোনো লিখিত বার্তা পাওয়া যায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।








