গণিতে দক্ষতাই প্রযুক্তি অগ্রগতির ভিত্তি: ডুয়েট উপাচার্য

কোনো দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের পেছনে গণিতের দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডুয়েট উপাচার্য বলেন, গণিতকে কেবল একটি পাঠ্য বা একাডেমিক বিষয় হিসেবে দেখলে হবে না। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গণিতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা, জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস, চিকিৎসাবিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং থেকে শুরু করে প্রকৌশলের জটিল নকশা—প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাণিতিক মডেলিংয়ের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, একটি জাতির বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার সক্ষমতা অনেকাংশে নির্ভর করে সেই দেশের গণিত শিক্ষার মান ও গণিতচর্চার ওপর। তাই শিক্ষার্থীদের গণিতভিত্তিক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তা এবং সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপাচার্য আরও বলেন, প্রকৌশল শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও গণিতচর্চাকে ডুয়েট সবসময় গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যৌক্তিক চিন্তার বিকাশে গণিতভিত্তিক এমন আয়োজনের গুরুত্ব অনেক। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, কার্নিভালে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ জনশক্তি তৈরি হবে।
বিজ্ঞাপন
এর আগে শনিবার সকালে ডুয়েটের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে কার্নিভালের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গণিত হলো বিজ্ঞানের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন শাখার অগ্রগতির পেছনে গাণিতিক মডেলিং এবং যুক্তিনির্ভর চিন্তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিক্ষাজীবনের শুরু থেকেই যদি শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তোলা যায়, তাহলে তারা ভবিষ্যতে জটিল সমস্যা মোকাবিলা ও সমাধানে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ডুয়েটের সহযোগী পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, অধ্যাপক ড. মো. আজমল হোসেন, অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক (অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল হক।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এছাড়া বক্তব্য দেন ডুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি আবদুল ওয়াদুদ রতন ও সাধারণ সম্পাদক মো. রাফিউজ্জামান।
দিনব্যাপী আয়োজিত কার্নিভালে দেশের প্রায় ১৫০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গণিত অলিম্পিয়াড, পোস্টার উপস্থাপনা, প্রবন্ধ রচনা ও ম্যাথ গেমসসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেন।
পরে বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।








