Logo

বৈশ্বিক গবেষণার পথ দেখাল ডুয়েট

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৯ জুলাই, ২০২৬, ১৪:১১
বৈশ্বিক গবেষণার পথ দেখাল ডুয়েট
ছবি: সংগৃহীত

গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করে ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব (ডুয়েট সিআরসি)।

‘রিসার্চ এক্সেলেন্স, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড হায়ার এডুকেশন: পাথওয়েজ টু গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর ও রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন ডুয়েট সিআরসি’র সভাপতি হাসানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্বমানের গবেষণার সঙ্গে ডুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতি বিকাশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের সক্ষম করে তুলতে বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের অভিজ্ঞতা শিক্ষার্থী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হয়ে উঠবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মূল প্রবন্ধে অধ্যাপক ড. সাইদুর রহমান গবেষণায় আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা, যৌথ গবেষণা পরিচালনা এবং বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। এ ধরনের সেমিনার শিক্ষার্থী ও গবেষকদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা বৃত্তি ও যৌথ গবেষণা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পরে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD